বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ পুলকার দুর্ঘটনার পর আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সকালে কপ্টারে করে বহরমপুর স্টেডিয়ামে পৌঁছে যান। এরপর প্রশাসনিক কর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। গোবিন্দপুরের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে সোজা দুর্ঘটনাগ্রস্ত রেলগেটের কাছে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর মৃতদের পরিবারের পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করবেন বলে খবর। তুলে দেওয়া হবে আর্থিক সাহায্য। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও যাওয়ার কথা রয়েছে শুভেন্দুর (Suvendu Adhikari)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে এদিন হুগলির (Hooghly) গুপ্তিপাড়ায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। উল্টোরথের আগের দিন সেখানে ভান্ডার লুটের অনুষ্ঠানে যোগ দেবেন। আজ বিকেল ৪টে নাগাদ প্রথমে বৃন্দাবন জিউ মন্দিরে যাবেন। তারপর সেখান থেকে জগন্নাথের মাসির বাড়ি ভান্ডার লুটের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
















