কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পলাশিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করার সময় আক্রান্ত হন মহুয়া, ছোড়া হয় ডিম। গোটা ঘটনার ফেসবুক লাইভ (FB Live) করার সময় সাংসদের বিতর্কিত মন্তব্য ঘিরে মামলা হয়। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানেই তদন্তে সহযোগিতার শর্ত দিয়ে মহুয়াকে রক্ষাকবচ দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেই সব মামলাতেই সাজা সাত বছরের মধ্যে। ফলে তিনি যদি তদন্তের সহযোগিতা করেন তাহলে কোনও করা পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ আদালতের।বিচারপতি এদিন স্পষ্ট করে দেন, আগামী ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বজায় থাকবে। তবে মহুয়া তদন্তে সহযোগিতা না করলে সেটা রাজ্য হাইকোর্টের নজরে আনবে। সাংসদের আইনজীবী জানিয়েছেন, ১৪ অগাস্ট বিকাল ৩টে নাগাদ মহুয়া হাজিরা দেবেন। এরপর বিচারপতি বলেন, সাংসদ যখন থানায় উপস্থিত হবেন তখন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তিনি যাতে কোনওভাবে হেনস্থার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।