কবি সুভাষের পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে এবার বড় ফাটল। স্টেশনের বাইরের দিকের একটি পিলারে ফাটল দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন যাত্রীরা। কবি সুভাষ স্টেশনের মতো কি বন্ধ হয়ে যাবে সিটি সেন্টার স্টেশনটিও? এই প্রশ্নই উঠছিল। এরমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। 

পিলারের ফাটল খতিয়ে দেখেন মেট্রোর চিফ, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা। মিস্ত্রিদের দিয়ে পিলারের প্লাস্টার চটিয়ে ফেলার পরই দেখা যায় ফাটল বেশ চওড়া। তবে মেট্রো কর্তৃপক্ষ জানায়, এটি ক্ল্যাডিং, অর্থাৎ বাইরের দিকের একটি ফাটল। এটি পিলারের মূল কাঠামোকে কোনও ক্ষতি করেনি। মেট্রো স্টেশনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে দ্রুত ফাটলটির মেরামত করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

সিটি সেন্টার স্টেশনটি কলকাতা মেট্রোর গ্রিন লাইনে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ— এই রুট দিয়ে প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। 

বছরখানেক আগে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনও একই ঘটনার সাক্ষী হয়েছিল। প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি স্টেশনটি বন্ধ করে দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। পরে পরীক্ষানিরীক্ষা করে ঠিক করা হয়, প্ল্যাটফর্মটি সম্পূর্ণ মেরামতের প্রয়োজন রয়েছে। যত দিন পর্যন্ত না মেরামতের কাজ শেষ হচ্ছে, তত দিন ওই স্টেশন বন্ধ থাকবে। সেই কারণে আপাতত মেট্রো পরিষেবা পাওয়া যায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। কবি সুভাষ স্টেশনটি ব্লু লাইনের প্রান্তিক স্টেশন ছিল। সেই স্টেশনটি বন্ধ হওয়ায় পুরোপথের পরিষেবায় প্রভাব পড়েছে।