বারো দিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যু হল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের (Jharkhali Tiger Rehabilitation Centre) ‘সুন্দর’-এর। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৬ বছর বয়সি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটির (Royal Bengal Tiger) মৃত্যু হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, সংক্রমণজনিত সমস্যায় ভুগছিল সে। চিকিৎসকদের নজরদারিতে রেখে নিয়মিত চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বন বিভাগের ডিএফও নিশা গোস্বামী (Forest Department DFO Nisha Goswami) জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাঘটিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার কোনও খামতি রাখা হয়নি। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। তবে তার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

‘সুন্দর’-এর মৃত্যুতে ঝড়খালি কেন্দ্রে এখন আর কোনও বাঘ রইল না। দিন কয়েক আগেই সেখানে এক বাঘিনীর মৃত্যু হয়েছিল। তারও চিকিৎসা চলছিল দীর্ঘদিন। একই কেন্দ্রে কিছুদিনের মধ্যেই দুই রয়্যাল বেঙ্গলের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে এই কেন্দ্রের আরও দুই বাঘের মৃত্যু হয়েছিল।

বয়স বা অসুস্থতার কারণে জঙ্গলে স্বাভাবিক ভাবে শিকার করতে না-পারা বাঘদের চিকিৎসা ও পরিচর্যার জন্য ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রের গুরুত্ব ছিল যথেষ্ট। কেন্দ্রটিতে বাঘ দেখতে পর্যটকদের ভিড়ও হত। বাঘই ছিল সেখানকার অন্যতম আকর্ষণ। শেষ বাঘটির মৃত্যুর পর সেই আকর্ষণও আপাতত হারাল ঝড়খালি।