পুরসভা ভোটে দাঁড়ালেও তাঁকে জেতানো কঠিন। কারণ ওঁর অঞ্চলের মানুষই ওকে পছন্দ করেন না। কিন্তু দলের নির্দেশ এলে এনসিপিআই (NCPI)-এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হয়ে প্রচারে যেতেও রাজি বিজেপির মন্ত্রী তাপস রায় (Tapas Ray)। সোমবারই এনসিপিআই-এর সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া দাবি করেছেন, দুর্গাপুজোর আগে তাঁর দলের ১৭ জন সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন। আর সম্ভাব্য সেই তালিকায় রয়েছে সুদীপের নামও। সেই প্রেক্ষিতেই সাংসদদের প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের শিল্পমন্ত্রী।

তৃণমূলে (TMC) থাকাকালীন উত্তর কলকাতার এই দুই নেতার মধ্যে তীব্র কোন্দলের খবর বারবার সামনে এসেছে। সুদীপকেই দুষেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস। কিন্তু কালচক্র ঘুরতে ঘুরতে আবার তাঁরা একই দলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, অন্তত জগদীশ বাসুনিয়ার মন্তব্যে তারই ইঙ্গিত। এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপকে কড়া ভাষায় বিঁধেছেন তাপস। বলেন, "সুদীপকে এলাকার মানুষ একদম পছন্দ করেন না। তাই তিনি যদি পুরভোটে দাঁড়ান, তাহলেও তাঁর জয় পাওয়া অত্যন্ত কঠিন। বলতে গেলে, সাধারণ মানুষের ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতার কোনও সম্ভাবনা বা যোগ্যতা নেই। তবে আমার সুপারিশ থাকবে, উনি যেন তাঁর পুরনো ৫৩ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হন। দল যদি চায়, তবে আমি ব্যক্তিগতভাবে সুদীপের সমর্থনে প্রচারে নামব এবং তাঁর হয়ে পদযাত্রাও করব।"

কিন্তু তাপস কি ধরেই নিয়েছেন, সুদীপদের সাংসদপদ খারিজ হয়ে যাবে? তাপস বলেন, "না, কেন, এর আগে তো বহু সাংসদ কাউন্সিলর হয়ে দাঁড়িয়েছেন।মালা রয়েছে, অজিত পাঁজা হয়েছিলেন। আরও অনেকে মন্ত্রী কাউন্সিলর হয়েছেন। সুতরাং ওর না হওয়ার কী আছে। যাদের যাদের নাম বললাম, এদের থেকে বড় নাকি।"