রাজ্যে ফের কোভিড-জাতীয় ভাইরাসের সংক্রমণে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা. সন্দীপ বাগের। বয়স হয়েছিল ৪৩ বছর। গত দু’দিন ধরে শ্বাসকষ্টের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাঁকে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম (ARDS)-এ আক্রান্ত বলে জানান।
দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই একাধিকবার তাঁর অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের মতে, ফুসফুসে গভীর সংক্রমণ ও নিউমোনিয়া হয়েছিল। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি মেনে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ডা. সন্দীপ বাগের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও।
















