তারাপীঠ মন্দিরে নিয়ম বদল। এবার থেকে বন্ধ কাগজের ভিআইপি কুপন। পুন্যার্থীরা বাড়িতে বসে টিকিট সংগ্রহ করে মন্দিরের স্ক্যানারে টিকিট স্ক্যান করে মন্দিরে ঢুকতে পারবেন। কৌশিকী অমাবস্যার আগেই চালু হল নয়া নিয়ম। 

তারাপীঠে বিগ্রহ  দর্শন বা পুজো দেওয়ার  জন্য বেশ কয়েকটি লাইন রয়েছে। একটি সম্পূর্ণ বিনামূল্যে। এই লাইনেই মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পুজো দেন। এছাড়াও ৫০০ টাকা দিয়ে বিশেষ লাইনে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল।। আর একটি ছিল ভিআইপি পুজো ব্যবস্থা রয়েছে।  রাজ্যে পালা বদলের পর বদলে গেল তারাপীঠ মন্দিরের নিয়ম।

এতদিন তারার দর্শনের জন্য ভিআইপি লাইন দিতে হত। তাতে ৫০০ টাকার কাগুজে কুপন সংগ্রহ করতে হত। এবার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা পাবেন ভক্তরা।

 

সামনেই মহাপুণ্য তিথি কৌশিকী অমাবস্যা। সেই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির মধ্যে একাধিক দফায় উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই আলোচনাতেই এই ডিজিটাল পরিকাঠামো চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। আপাতত দেড় মাস নয়া নিয়ম থাকবে তারপর ডিজিটাল ব্যবস্থাকে আরও উন্নত করা হবে।প্রথম অন লাইনে টিকিট কেটে “ডিজিট্যাল; তারাপীঠ”এর উদ্বোধন করলেন রামপুরহাট বিধায়ক ধ্রুব সাহা

আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পর এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইন ভিআইপি টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে টাইম স্লট বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

প্রথাগত কাগজের কুপনের ব্যবস্থা উঠে ডিজিটাল সংযোগ তৈরি হওয়ার ফলে নানারকম জালিয়াতির হাত থেকে মুক্তি মিলবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এর ফলে ভিআইপি দর্শন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা, আধুনিকতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।

উল্লেখ্য,  আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে কৌশিকী অমাবস্যা  তিথি শুরু হচ্ছে এবং পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে তিথি সমাপ্ত হবে।