সরকার ঘোষিত সময়সীমা পেরিয়ে গেছে দুদিন আগেই, এখনও রাজ্যের বিরাট সংখ্যক মহিলারা অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে না পাওয়ায় বাড়ছে বিক্ষোভ। সরাসরি বিজেপি সরকারের দিকে যখন আঙুল তুলছেন সাধারণ মানুষ, তখন এই ঘটনার জন্য পূর্বতন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন পঞ্চায়েত-মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

রাজ্য জুড়ে 'বঞ্চিত' মহিলাদের বিক্ষোভ ভালো চোখে দেখছেন না দিলীপ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভ্যাস হয়ে গিয়েছে । এটাও জানা উচিত, সব সুবিধা সকলের জন্য নয়। কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প করেছে। রাজ্য সরকারও করেছে। তার একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা আছে। এর মধ্যে যাঁরা পড়বেন, তাঁরা পাবেন। দানধ্যান সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল। এটা সবাইকে বুঝতে হবে। এটা চলতে পারে না।' অর্থাৎ রাজ্যে বিজেপি সরকার (BJP Government) যখন জনগণকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হচ্ছে, মানুষের ক্ষোভ - প্রশ্ন - অসন্তোষের মুখে পড়তে হচ্ছে নেতা মন্ত্রীদের, তখন সেই দায় ঘুরিয়ে তৃণমূলের উপর চাপানোর চেষ্টা দিলীপের। এর আগে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে অগ্নিমিত্রা পালকে ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। যদিও সরকারের আশ্বাস, বিরাট সংখ্যায় আবেদন হওয়ার ফলে নাকি সব ভ্যারিফিকেশন শেষ করা যায়নি। দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং যোগ্যরা টাকা পাবেন বলে জানিয়েছেন পুরমন্ত্রী।