রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত  সহায়ক চন্দ্রনাথ রথ খুনে জড়িয়েছে বিজেপি কর্মীর নাম। গত সপ্তাহেই সিবিআই সাগর সোনকর এবং সাহেব সোনকরকে গ্রেফতার করে।উভয়েই বিজেপি কর্মী বলেই পরিচিত।চার্জসিটে তাদের নাম রয়েছে। এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

খুনের ঘটনায় যেভাবে বিজেপি কর্মীদের নাম জড়িয়েছে তা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, ' বিজেপিতে সব লোক গঙ্গাজলে ধোয়া এরকম আমি বলব না। সব থেকে খারাপ লোকেরা রাজনীতিতে আগে আসে। কেউ দোষী হলে সে কোন দলের সেটা মূল বিচার্য নয়। পার্টির শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজ , আর্থিক দুর্নীতি - যদি বিজেপির কারওর বিরুদ্ধে অভিযোগ আসে, পার্টি ব্যবস্থা নেবে। 

 

শুভেন্দু অধিকারীর  শপথ গ্রহণের তিন দিন আগে খুন হন তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনায় গত সপ্তাহে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিংকে গ্রেফতার করা হয়।একই সময়ে রাজকুমার সিংয়ের বন্ধু জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুকেও গ্রেফতার করেছে সিবিআই।তাদের জিজ্ঞাসাবাদ করেই সোনকার ভাইদের সন্ধান পায় সিবিআই।

 গোলুর বিরুদ্ধে অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহের পাশাপাশি সেই অস্ত্র ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গোলুর সক্রিয় ভূমিকা ছিল।মনুর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকি-সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে।সূত্রের খবর, মোট ১১ জনের নাম রয়েছে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে ।