স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশাত্মবোধের পরিবেশের বদলে ডিজে-র তালে উদ্দাম নাচের অভিযোগ উঠল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে। শওকত মোল্লাকে নিশানা করে তৈরি রাজনৈতিক প্যারোডি ‘শওকতটা মাছ চোর’ গানের সুরে কলেজ চত্বরে কয়েক জন তরুণ-তরুণীর সেই নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শিল্পশহর জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজ প্রাঙ্গণে ডিজের তালে ‘শওকতটা মাছ চোর’ গানের সুরে একাধিক যুবক-যুবতী উদ্দাম নাচ করছেন। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে এ হেন রাজনৈতিক প্যারোডি গান ও অঙ্গভঙ্গি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি সরকারি মহাবিদ্যালয় সাধারণত নিয়মানুবর্তিতা ও শালীনতার প্রতীক হিসেবেই পরিচিত। সেখানে জাতীয় দিবসের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এ হেন দৃশ্য নিছক দায়িত্বজ্ঞানহীনতা নাকি জাতীয় দিবসের অবমাননা, তা নিয়েই স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে ক্ষোভ ও চাপানউতোর তুঙ্গে উঠেছে।