"খাস কলকাতার বুকে শাসকদলের চাপে ৬৩ বছরের দুর্গাপুজো বন্ধ করার সিদ্ধান্ত নিল '২০'র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি'!"- শনিবারই এই খবর করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। আর তারপরেই কোনও এক অজ্ঞাত কারণে শুধু সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে পুজো না করার বিজ্ঞপ্তি দেওয়া পোস্ট সরানোই নয়, একেবারে ফেসবুক পেজটিই উড়িয়ে (Facebook Page Delete) দিলেন '২০'র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি'-র কর্মকর্তারা।

২৯ জুলাই খুঁটিপুজো হয়ে যাওয়া সত্ত্বেও ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে রীতিমতো ব্যানার টাঙিয়ে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে দুর্গোৎসব কমিটি জানিয়ে দেয়, 'পারিপার্শ্বিক চাপের ফলে' এ বছর আর পুজো করতে চায় না তারা। পুজো কমিটির (Pujo Committee) পক্ষ থেকে জানানো হয়, শাসকদলের স্থানীয় নেতাদের চাপেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। শুধু তাই নয়, এবার কাদের হাতে এই পুজোর দায়িত্ব যায় তা নিয়েও শঙ্কিত স্থানীয়রা।

এই খবর প্রকাশিত হওয়ার পরের দিন সকালেই পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সংক্রান্ত বিষয় তারা আর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও রকম কথা বলতে চায় না। শুধু তাই নয়, বিষয়টিতে কোনও রাজনীতির রং লাগুক সেটাও চাইছে না তারা। যেহেতু এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে, সেই কারণে শুধু পোস্ট ডিলিটই নয়, ফেসবুক পেজটিও উড়িয়ে দিয়েছে '২০'র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি'। 'পুজো বন্ধ'- বিষয়টা সেইরকম নয় বলে এখন দাবি ক্লাব কর্তৃপক্ষের। তাদের কথায়, "পুজো বন্ধ হোক আমরা সেটা চাই না। শুধু আমরা যারা উদ্যোগ নিয়ে খুঁটিপুজো করেছিলাম, তারা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আর এই পুজোর সঙ্গে জড়িত থাকতে চাইছি না। অন্য যে কেউ দায়িত্ব নিয়ে এই পুজো করতে পারে।" 

 তবে সেটা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একইভাবে পোস্টার দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে না জানিয়ে কেন তড়িঘড়ি পেজটি উড়িয়ে দিতে হল? সেই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। তারা শুধু এলাকায় শান্তি বজায় থাকুক সেটুকুই চাইছে।