সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে (Subhasish Chakraborty) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে হবে। এখনও পর্যন্ত তৃণমূল নেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার দাবি, তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা একটি এভিয়েশন কোম্পানি এবং তার সহযোগী সংস্থায় পাচার করা হয়েছিল, যা পরে একটি ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টার কেনার কাজে ব্যবহৃত হয়। তৃণমূলের তরফে পাল্টা মামলা করা হলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দেয় ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো নিয়ে এই মুহূর্তে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে না। বিপুল পরিমাণে টাকা লেনদেন সম্পর্কে জানতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষকে তলব করা হল।