ফের প্রমাণ হয়ে গেল কোনও জনরোষের নয়, ডিম ছোড়া একেবারেই পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীকে (Upasana Chowdhury) লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পুলিশের উপস্থিতিতে বহিরাগত বিজেপি ও এবিভিপির সদস্যরা কলেজে ঢুকে হামলা চালিয়েছে বলে অভিযোগ উপাসনার। তাঁর ভিডিও নিজের ওয়ালে পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল (TMC) মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

শনিবার স্বাধীনতা দিবসের সকালে আশুতোষ কলেজে যান মমতা পন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী-সহ অন্যান্যরা। জাতীয় পতাকা তুলতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের সামনেই উত্তেজনা দেখা দেয়।

সেই সময় পুলিশের সামনেই উপাসনাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ফেসবুক লাইভে (Facebook Live) এসে তীব্র প্রতিবাদ জানান উপাসনা। অভিযোগ, কলেজের ভিতর বহিরাগতরা রয়েছেন। পুলিশ (Police) তাঁদের কিছু বলেনি, তাঁদের পরিচয়পত্রও দেখা হয়নি! কিন্তু উপাসনারা জাতীয় পতাকা তোলার জন্য কলেজে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। বিজেপি ও এবিভিপির তরফে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ উপাসনার। পুলিশ হামলাকারীদের মদত দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ডিম ছোড়াকে বারবার জনরোষের শিকার বলে চালাতে চায় বিজেপি। কিন্তু উপাসনার মতো তরুণ নেত্রীর উপর কেন জনরোষ হবে? এর কোনও সদুত্তর নেই গেরুয়া শিবিরের কাছে। একে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে মত তৃণমূলের।