বিজেপির বুলডোজারের রাজনীতি অব্যাহত। পুজোর আগে ফের উচ্ছেদের নোটিশ ধরানো হল কয়েক হাজার ব্যবসায়ীদের। উৎসবের মরশুমে এমন নোটিশ পেয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। হুগলি জেলাশাসকের কার্যালয়-সংলগ্ন এলাকা, ঘড়ি মোড়, কোর্ট চত্বর এবং মাঠের ধার থেকে ক্ষুদ্র ও অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ত দফতর।
বর্তমান সরকারের এই পেটে-লাথি-মারার রাজনীতি তাঁদের অমানবিকতাকেই সামনে নিয়ে এল আরও একবার। বুধবার হঠাৎ করেই পূর্ত দফতর ও চুঁচুড়া থানার পুলিশের তরফ থেকে মাত্র ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে দোকানপাট খালি করার চরম নির্দেশ জারি করা হয়। বৃহস্পতিবারের মধ্যেই এলাকা সাফ করার এই ফতোয়া শুনে কার্যত বজ্রাঘাত হয়েছে এই অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায়। ক্ষোভে ও আতঙ্কে ফুঁসছেন তাঁরা। দীর্ঘ ৩০-৪০ বছর ধরে যাঁরা এই চত্বরে ব্যবসা করে কোনওরকমে ডাল-ভাতের সংস্থান করছিলেন, তাঁদের উৎসবের মুখে অথৈ জলে ফেলে দেওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
ব্যবসায়ীদের স্পষ্ট অভিযোগ, কয়েক দশক ধরে আমরা এখানে ব্যবসা করছি। প্রশাসন আমাদের জন্য বিকল্প কোনও জায়গার ব্যবস্থা না করেই উচ্ছেদের নোটিশ ধরিয়েছে। তাঁদের প্রশ্ন, কেন আমাদের সঙ্গে একটা বৈঠক করার প্রয়োজন মনে করল না এই সরকার? এই অগণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করে যে, সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি এই সরকারের বিন্দুমাত্র দায়বদ্ধতা অবশিষ্ট নেই।
















