পালাবদলের পর ফের গ্রেফতার তৃণমূল দলের প্রাক্তন আরও এক  বিধায়ক। এবার গ্রেফতার হলেন নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। দত্তপুকুর এলাকার একটি বাড়ি থেকে এদিন ভোরে গ্রেফতার করা হয় তাঁকে। তারপর নিয়ে আসা হয়েছে নৈহাটি। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে। 

সনৎ দে-র বিরুদ্ধে তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটে হারেন সনৎ। তারপর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, মারামারির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  বিজেপি কর্মীদের  উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই শনিবার ভোরে সনৎ দে-কে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগে প্রাক্তন বিধায়কের বাড়ি ও ওষুধের দোকানে তল্লাশি চালায়

পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর ২০২৪ সালের উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন সনৎ দে। রাজ্যে পালাবদলের পরই জনরোষের মুখে পড়েন প্রাক্তন বিধায়ক। গত জুন মাসে নৈহাটিতে পার্টি অফিসে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দেওয়া হয় চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নৈহাটি জুড়ে সনৎ দে কার্যত সন্ত্রাস চালাতেন।  তাঁর গ্রেফতারির পরই ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।