সরকারি আধিকারিক সেজে এবং প্রশাসনিক শীর্ষ মহলের নাম ভাঙিয়ে একটি নামী রেস্তোরাঁয় তোলাবাজির চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে একটি নামী গুজরাল রেস্তোরাঁয়। এই ঘটনায় রেস্তোরাঁর কর্ণধার পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছেন।
অভিযোগ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জুলাই দুপুর প্রায় ৩ টে ৫০ মিনিট নাগাদ তিন ব্যক্তি আচমকা ওই রেস্তোরাঁয় প্রবেশ করে। নিজেদের সরকারি আধিকারিক বলে পরিচয় দিয়ে তারা দাবি করে, মুখ্যমন্ত্রীর দফতর থেকেই তাদের পাঠানো হয়েছে এবং তারা রেস্তোরাঁর যাবতীয় নথিপত্র পরীক্ষা করে দেখবে। একই সঙ্গে কথাবার্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও তোলা হয় বলে অভিযোগ। মধ্যরাতের পরেও কী ভাবে রেস্তোরাঁ খোলা রাখা হয়, তা নিয়ে কর্ণধার ও কর্মীদের রীতিমতো হম্বিতম্বী করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা।
রেস্তোরাঁর কর্ণধার ভূপেন্দর সিংহ গুজরাল জানান, ওই তিন জনের মধ্যে নিতাই কুমার শীল নামের এক ব্যক্তি তাঁকে পরবর্তীতে ১১ অগস্ট নিজাম প্যালেসের সামনে দেখা করতে বলে। সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে তিনি নিজাম প্যালেসের কাছে পৌঁছলেও শেষ মুহূর্তে ওই ব্যক্তি দেখা করতে পারবেন না বলে জানিয়ে দেন। এতেই বিষয়টি নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়। এর পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। প্রশাসনের নাম ব্যবহার করে এ হেন তোলাবাজি ও প্রতারণার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে।
















