চলতি অর্থবর্ষে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে রাজ্য সরকার (State Government) প্রকল্পগুলির জন্য বার্ষিক বাজেট (Budget) বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়ার অনুমোদন দিয়েছে অর্থ দফতর। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত  উন্নয়ন প্রকল্পের জন্য এই হারে টাকা ছাড়া যাবে। তবে এই ব্যয় চলতি অর্থবর্ষের প্রথম চার মাসের ‘ভোট অন অ্যাকাউন্ট’-এ অনুমোদিত অর্থের সীমার মধ্যেই রাখতে হবে। 

অর্থ দফতরের (Finance Department) অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি সরাসরি ব্যয়ের অনুমোদন দিতে পারবে, যদি প্রকল্পগুলির প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক উপদেষ্টার সম্মতি আগে থেকেই নেওয়া থাকে। এর ফলে বিভিন্ন দফতরের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়বে বলেই প্রশাসনিক মহলের ধারণা। 

তবে সব প্রকল্পে এই ছাড় প্রযোজ্য নয়। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প, কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রকল্প এবং কেন্দ্রীয় অনুদাননির্ভর অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে অর্থ দফতরের বাজেট শাখার পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে। একইভাবে ভর্তুকি, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রেও বাজেট শাখার সম্মতি প্রয়োজন হবে। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, গ্রামীণ উন্নয়ন পরিকাঠামো তহবিল (RIDF)-এর আওতায় থাকা রাজ্য উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও বার্ষিক বাজেটের ৩৩ শতাংশ পর্যন্ত টাকা দেওয়া যাবে। তবে সংশ্লিষ্ট প্রকল্পের প্রশাসনিক অনুমোদন, নির্ধারিত আর্থিক বিধি এবং বরাদ্দের সীমা মেনে চলতে হবে। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।