রাজ্যের বর্তমান প্রশাসনিক কাজকর্ম ও নীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষক দিবস উপলক্ষে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার বাস্তব কাজের তুলনায় প্রচারের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। পূর্বতন সরকারের সূচিত জনকল্যাণমূলক প্রকল্পগুলি যথাযথ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, পূর্ববর্তী সরকারের আমলে সাংসদ তহবিল ও সরকারি সহায়তায় বিদ্যালয়-সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছিল। সেই অসমাপ্ত কাজগুলির ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন ছিল। বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ কিংবা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা থেকে উপভোক্তাদের বঞ্চিত করা সমীচীন নয় বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষা ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেত্রী জানান, এমএসকে ও এসএসকে শিক্ষকদের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার। পাশাপাশি যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াও অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার আর্জি জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির উপরে জোর দেন মমতা। তিনি বলেন, মনীষীদের আদর্শ ও সংবিধানের শিক্ষাই সমাজের প্রকৃত দিশারি। দেশের উন্নতিতে শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য উল্লেখ করে শিক্ষক দিবসের বিশেষ দিনে রাজ্যের সমস্ত শিক্ষক ও শিক্ষাবিদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান তিনি। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর তরফে এদিন উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্যরা।