হাতে আর মাত্র চারদিন, তারপরই রথযাত্রা উৎসব (Rathayatra Festival)। পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) চলছে চূড়ান্ত প্রস্তুতি। ভিড়ের চাপ সামলাতে এবার ফুটপাত থেকে সরানো হচ্ছে অবৈধ দোকান। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে রথ উপলক্ষ্যে জগন্নাথ মন্দিরে যেহেতু প্রচুর ভক্ত সমাগম হয় তাই ভিড়ের চাপে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে যাঁরা জবরদখল করে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন, তাঁদের সরে যেতে বলা হয়েছে।
দিঘা উন্নয়ন পর্ষদের প্রশাসক এবং রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, কেউ রাস্তা দখল করে দোকান করেছেন, তো কেউ আবার দোকানের সামনের রাস্তায় জিনিসপত্র সাজিয়ে রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সতর্ক করা হয়েছে। রথ উৎসবকে মাথায় রেখে দিঘার রাস্তায় নতুন করে পথবাতি লাগানো হচ্ছে, নিকাশি ব্যবস্থাকেও ঢেলে সাজানো হচ্ছে। প্রচুর বিদেশী পর্যটক আসার সম্ভাবনা থাকায় বিভিন্ন হোটেলে খাবারের গুণগত মান যাচাই করা হচ্ছে।
















