মঙ্গলবার ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস। তাঁর জন্মভিটে মোহবনিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রতপন্থী বিধায়ক শিউলি সাহা। শুনলেন গো ব্যাক স্লোগান। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই ক্ষোভের মুখে পড়েন তিনি। 

সেখানে উপস্থিত এক মহিলা শিউলিকে উদ্দেশ্য করে বলেন, "আমি উৎপল পাঁজার মা বলছি। শিউলি সাহা হটাও। আমাদের অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে। অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে পঙ্গু করে রেখেছে। শুধু শুধুই লোক লাগিয়ে মেরেছে।"

'শিউলি, গো ব্যাক' বলে স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের এক-এক জনের অভিযোগ এক-এক রকম। টানা ১০ বছর ধরে বিধায়ক পদে থাকা সত্ত্বেও কেশপুরের পরিকাঠামোগত উন্নয়ন কিংবা বিপ্লবী ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে সংরক্ষণের বিষয়ে কোনও পদক্ষেপই করেননি শিউলি। অথচ স্মৃতিতর্পণের দিনে তিনি সেখানে পৌঁছতেই পুরনো রাগ উগরে দেন গ্রামবাসীরা।

এ দিনের ঘেরাও ও বিক্ষোভের পরে আর মঞ্চের দিকেই এগোননি শিউলি। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করা পর্যন্ত তিনি মোহবনি চত্বরেই অবস্থান করেন এবং পরবর্তীতে সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে যান। এই ঘটনার কোনও প্রতিক্রিয়ায় দেননি শিউলি।