পাঞ্চলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জগৎবল্লভপুর! ফের হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর পায়ে গুলি লাগে বলে অভিযোগ। দুষ্কৃতীরা প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না ভরতি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তারা। এই ঘটনায় জখম ওই দোকানদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটা নাগাদ জগৎবল্লভপুরের পাতিহাল হাটতলা এলাকায়। পল্লব সাহা নামের এক স্বর্ণ ব্যবসায়ে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য বাইকে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তে দুটি বাইকে চড়ে চারজন সশস্ত্র দুষ্কৃতী তাঁর দোকানের সামনে এসে হাজির হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মুহূর্তের মধ্যে বাইক থেকে নেমে এক দুষ্কৃতী সরাসরি ওই ব্যবসায়ীর পায়ে গুলি চালায়। যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেই তাঁর হাতে থাকা গয়নার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। 

ব্যবসায়ীর চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, এর কিছুদিন আগেই হাওড়ার পাঁচলায় ঠিক একই কায়দায় এক সোনার ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।