বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের (Hamim Mondal) পরিকল্পনা ও কার্যকলাপ নিয়ে চাঞ্চল্যকর আপডেট হাতে এল তদন্তকারীদের। বাংলার মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) গতিবিধির উপর নজর রাখতে তাঁর চিনার পার্কের বাড়িতে ও রেইকি করেছিল কুখ্যাত এই জঙ্গি ও তার দলবল! শুধু তাই নয়, পাক হ্যান্ডলারদের নির্দেশ মতো রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ির আশেপাশে ঘর ভাড়া নিয়ে থাকার পরিকল্পনাও করা হয়েছিল। কখন কোথায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কম বা বেশি থাকত তা বুঝতে নবান্ন (Nabanna) চত্বরেও নজরদারি চালানো হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।

 

বেঙ্গল এসটিএফের (STF) হাতে গ্রেফতার হওয়া, হামিম ও তার বান্ধবীকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, শুভেন্দুর উপর হামলার ব্লু প্রিন্ট তৈরিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ফাঁকফোকর জানার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল এই জঙ্গিকে। পাশাপাশি ‘হানিট্র্যাপে’র মাধ্যমে ফাঁদে ফেলে হাওড়া উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে অপহরণ করে বড়সড় নাশকতার পরিকল্পনাও করা হয়েছিল। STF আইজি জানিয়েছেন, হামিমের আরেক শাগরেদ আদিত্য সিংকে গ্রেফতার করে বাংলায় ছড়িয়ে থাকা জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য জানার চেষ্টা চলছে।