আলো আছে, পাখা আছে, স্যুইচবোর্ডও রয়েছে। শুধু নেই বিদ্যুৎ। ফলে চড়া গরমে কষ্ট করে ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। শান্তিপুরের চিত্র মেলের মাঠ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Chitrameler Math Anganwadi Centre, Shantipur) দেখা গেল এমনই ছবি। অভিযোগ, প্রায় দেড় বছর ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় এই দুর্ভোগ চলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে অল্প দূরেই শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতির (BJP President of Shantipur Panchayat Samiti) বাড়ি। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিনের হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

বর্তমানে ওই কেন্দ্রে ১৬-১৭ জন পড়ুয়া রয়েছে। গরমের মধ্যে দীর্ঘক্ষণ ক্লাস করা ছোটদের পক্ষে কার্যত কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি সামলাতে অনেকেই বাড়ি থেকে হাতপাখা নিয়ে আসে। তাতেও স্বস্তি মিলছে না। গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় অনেক অভিভাবকই নিয়মিত সন্তানদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে চাইছেন না। এমনকী প্রচণ্ড গরমের কারণে মিড-ডে মিল (Mid-day Meal) খাওয়ার সময়ও সমস্যায় পড়ছে শিশুরা।

অভিভাবকদের অভিযোগ, বাড়িতে পাখার নীচে থেকেও যেখানে গরমে অস্বস্তি হয়, সেখানে বিদ্যুৎহীন ঘরে ছোট ছোট ছেলেমেয়েদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কেন এখনও বিদ্যুৎ সংযোগ ফিরল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে কেন্দ্রটিকে স্বাভাবিক পরিবেশে ফেরানোর দাবি জানিয়েছেন তাঁরা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী লাখি পাল জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র শান্তিপুরের সিডিপিও দফতরে জমা দেওয়া হয়েছে। এখন সরকারি স্তরে কবে ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে কেন্দ্রের পড়ুয়া ও অভিভাবকেরা।