উত্তর ২৪ পরগনার শিয়ালদহ-হাসনাবাদ শাখার মালতীপুর স্টেশন এলাকায় এবার চলল রেলের উচ্ছেদ অভিযান। বুধবার সকালে বিশাল পুলিশবাহিনী সঙ্গে নিয়ে স্টেশন লাগোয়া একাধিক ছোট ও মাঝারি দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে একই শাখার চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন এলাকাতেও রেলের জমি খালি করার কাজ হয়েছিল। পর পর এই অভিযানে রুটি-রুজি হারিয়ে তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রেলের জায়গা ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিলেন বেশ কিছু মানুষ। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো উপযুক্ত বিকল্প ব্যবস্থা বা আগাম নোটিশ ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, আদালত থেকে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে প্রশাসন এই পদক্ষেপ করেছে। সামনেই উৎসবের মরশুম, তার ঠিক আগেই এমন উচ্ছেদে পথে বসতে হলো বলে আক্ষেপ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। সরকারের এই ধরনের নীতিকে পরিকল্পনাহীন বলে সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, সৌন্দর্যায়ন বা উন্নয়নের কাজ করার আগে হকারদের সঙ্গে আলোচনা করে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। হঠাৎ করে দোকানঘর ভেঙে দেওয়ায় হাজার হাজার মানুষের জীবিকা প্রশ্নের মুখে পড়েছে।
যদিও রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ হটাতেই এই সাধারণ পদক্ষেপ। তবে হকার ও ব্যবসায়ীদের মূল দাবি, অবিলম্বে বুলডোজার অভিযান বন্ধ করে তাঁদের লাইসেন্স প্রদান ও উপযুক্ত পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা করতে হবে।
















