শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিশেষ ভোজের আয়োজনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল উত্তরবঙ্গের শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলে। ছাত্রদের একাংশের বিরুদ্ধে খোদ প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের উপরে চড়াও হয়ে মারধর করার মারাত্মক অভিযোগ উঠেছে। হামলায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই আয়োজন থেকে দশম শ্রেণির পড়ুয়াদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ। তা ঘিরেই ক্ষোভ জমছিল ছাত্রদের মধ্যে। একদল ছাত্রের পাল্টা দাবি, বঞ্চনার প্রতিবাদ জানাতে গেলে উল্টে প্রধান শিক্ষকই কয়েক জন ছাত্রের গায়ে হাত তোলেন। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বচসা থেকে হাতাহাতি এবং চোখের নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। অভিযোগ, একদল ছাত্র একযোগে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। মারধরের চোটে রক্তারক্তি কাণ্ড ঘটে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার আকস্মিকতায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। খবর পেয়ে অন্য শিক্ষকেরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্কুলে এমন ঘটনায় অভিভাবক ও স্থানীয় শিক্ষা মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। শিক্ষক দিবসের মতো দিনে গুরু-শিষ্যের সম্পর্কের এমন মর্মান্তিক অবনতিকে জেলা স্কুলের ইতিহাসে এক অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায় হিসেবেই দেখছেন শিক্ষাবিদেরা। পুরো ঘটনা খতিয়ে দেখে প্রশাসনিক স্তরে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।