বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর। শেষ শ্রাবণেও ভিজছে উত্তর ও দক্ষিণ বঙ্গ। সেই সঙ্গে দোসর হয়েছে নিম্নচাপ। আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গ বাসীর।কলকাতা সহ বাংলায় কেমন থাকবে রবিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ সেইসঙ্গে বৃষ্টি শুরু হয়েছে কলকাতার একাংশে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবারই সেটি নিম্নচাপে পরিণত হবে। শক্তি সঞ্চয় করে তা ক্রমশ ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। নিম্নচাপের ফলে রাজ্যের উপকূল এলাকা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের জোড়া প্রভাবেই রাজ্যজুড়ে এই ধারা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ(রবিবার) সারাদিন মোটের উপর মেঘলাই থাকবে শহরের আকাশ। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। মেঘলা আকাশ সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম।
ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।। সারা সপ্তাহ জুড়ে পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই পূর্বাভাস মালদহ এবং দুই দিনাজপুরের জন্যেও।
















