ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার অফিস ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১৮ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত অভিষেকের আমতলার অফিস ভাঙা যাবে না। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টেয় মামলার পরবর্তী শুনানি।
বেআইনি নির্মাণের অভিযোগে ১৮ জুলাই অভিষেকের আমতলার অফিসে বুলডোজার (Bulldozer) চালানো হয়। আগেই সেই ভাঙার কাজে স্থিতাবস্থা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়ছিল। সেই নির্দেশের সময়সীমা আগে একবার বাড়িয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। রাজ্যের থেকে বিস্তারিত তথা চাওয়া হয়। বৃহস্পতিবার ফের মামলা ওঠে আদালতে।
এদিন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত (Kishor Dutta) বলেন, ১৭ মে সুশান্ত মণ্ডল দাগ নম্বর ৫০৯ ও ৫১২ এ অবৈধ নির্মাণের অভিযোগ করেন। নির্ধারিত অনুমোদনের ৬. ৫ মিটার বেশি নির্মাণের অভিযোগ। বিচারপতি জানতে চান পঞ্চায়েতকে এই মামলায় যুক্ত করা হয়েছে কি না?
উত্তরে কিশোর দত্ত জানান, “হ্যাঁ। ১৫ জুলাই একজিকিউটিভ অফিসার রিপোর্ট দেন। বাড়ির মালিক মতি মল্লিকের স্ত্রী ওই দিন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বক্তব্য দেন। মতি মল্লিকের থেকে বাড়িটি কেনা হয়েছিল। নিয়ম অনুযায়ী যাঁর ক্ষতি হয় তাঁকে শুনানির সুযোগ দিতে হয়। এক্ষেত্রে মতি মল্লিক বা তাঁর স্ত্রী ক্ষতিগ্রস্ত নন। উচ্ছেদের আগে মালিক বা অকুপায়ারকে জানাতে হয়।“
লিপস অ্যান্ড বাউন্স-এর পক্ষে আইনজীবী রুদ্র নন্দী অভিযোগ করেন, অফিসের ভিতর থেকে অনেক কিছু বের করে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। একমাস পেরিয়ে গেলেও কোনও সিজার লিস্ট দেওয়া হয়নি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (AG) পক্ষ থেকে এই মামলায় সময় চাওয়া হয়। এর পরেই বিচারপতি ঘোষ জানান, ১৮ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত আমতলার অফিস ভাঙায় অন্তরবর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হল। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টেয় মামলার পরবর্তী শুনানি।
















