শুনানি চলাকালীন মানহানিকর মন্তব্য, অশালীন মন্তব্য! আইনজীবী ফিরদৌস শামিমকে শোকজ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের। সাতদিনের মধ্যে তাঁকে জানাতে হবে কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না।

 সম্প্রতি একটি মামলা চলাকালীন আইনজীবী ফিরদৌসকে অশালীন মন্তব্য করতে শোনা যায়। অভিযোগ, তিনি সেটা করেছিলেন বিচারকের উদ্দেশ্যেই! সেই শুনানির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। (ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) এর প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ শামিমের বিরুদ্ধে।

আদালতের পর্যবেক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যাপকভাবে প্রকাশিত আপত্তিকর ও মানহানিকর মন্তব্যগুলি বিচার বিভাগের মতো একটি মহান প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। কোনও ব্যক্তিকে এমন মন্তব্য করার অনুমতি দেওয়া যায় না যা এই আদালতের কোনও বিচারককে হেয় করার উদ্দেশ্যে করা হয়। এই ধরনের আচরণ, আপাতদৃষ্টিতে জঘন্য হওয়ার পাশাপাশি, ১৯৭১ সালের আদালত অবমাননা আইনের ২(গ) ধারার অধীনে 'ফৌজদারি আদালত অবমাননা'র শামিল। সেই অনুযায়ী, এই আদালত ঘটনাটি স্বতঃপ্রণোদিত হয়ে ফৌজদারি আদালত অবমাননা মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিচ্ছে। এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে সাতদিনের মধ্যে ফিরদৌস শামিমকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হোক যে, কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না।

অতীতে মহিলাঘটিত কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল ফিরদৌস শামিমের। অভিযোগ বিভিন্ন ভাবে প্রভাব কাটিয়ে গ্রেফতারি এড়িয়ে ছিলেন। তিনি কিন্তু এবার হাই কোর্টের অবমাননার মামলা তিনি কীভাবে আটকান সেটাই দেখার।