আদালতের নির্দেশ অবমাননা করে ২১ জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবসের সমাবেশ করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় (Arijit Banerjee) ও বিচারপতি রিশাদ মেডোরার ডিভিশন বেঞ্চে (Division Bench) সেই মামলার শুনানি পিছোল। মামলার পরবর্তী শুনানি ৯ অক্টোবর।
২০১৮ সালে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে হাই কোর্টের নির্দেশ ছিল যে সভা বা মিছিলের সময় রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করা যাবে না এবং সাধারণ মানুষ ও জরুরি পরিষেবার জন্য রাস্তা খোলা রাখতে হবে। কিন্তু ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশে এই নির্দেশিকা লঙ্ঘন করে প্রধান রাস্তা সম্পূর্ণ আটকে রাখা হয়েছে বলে আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা করেন জনৈক শ্রীকান্ত দত্ত।
অভিযোগ, ২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবসের সমাবেশের সময় প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, যা ২০১৮ সালে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপন্থী। তার প্রেক্ষিতেই হলফনামা তলব করে আদালত।
শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রিশাদ মেডোরার ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন উভয় নেতার বক্তব্যের 'ক্লারিফিকেশন' বা ব্যাখ্যা, বিশ্লেষণ চেয়েছে বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৯ অক্টোবর।
















