অগাস্টের শুরুতেই পূর্ব রেলের হাওড়া ডিভিশনে (Howrah Division, Eastern Railway) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষনা। আগামী শনি ও রবিবার (১ ও ২ অগাস্ট) রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য দীর্ঘ সময় ধরে ট্রাফিক ব্লক থাকবে বলে জানানো হয়েছে। এই কারণে এই দুদিন হাওড়া ডিভিশনে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। পয়লা অগাস্ট রাত সাড়ে দশটা থেকে ২ অগাস্ট ভোর সাড়ে চারটে পর্যন্ত ডানকুনি স্টেশন এলাকায় রেলের কাজ চলবে। শিয়ালদহ ডিভিশনেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে।
পাশাপাশি শ্রাবণী মেলা উপলক্ষেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পূর্ব রেল। ইতিমধ্যেই তারকেশ্বরের লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চলাচল করছে। তবে এবার ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে পূর্ব রেলের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলা স্পেশাল হাওড়া থেকে তারকেশ্বরগামী আপ ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনেই থামবে দেবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বের পর্যন্ত মাঝের কোনও স্টেশনে দাঁড়াবে না। তবে ডাউনের তারকেশ্বর- হাওড়া অথবা তারকেশ্বর-শেওড়াফুলি রুটের লোকাল ট্রেনগুলি নির্ধারিত সুচি মেয়ে সব স্টেশনেই থামবে।
















