শুধুমাত্র পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াই নয়, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন ও উত্তরপত্র স্থানান্তরের গোটা পরিকাঠামোতেই বড়সড় বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় সেমেস্টার থেকেই কার্যকর হচ্ছে এই নয়া নিয়ম। পরীক্ষাকেন্দ্র থেকে উত্তরপত্র বা ওএমআর শিট নিরাপদে পৌঁছে দিতে এবার সরাসরি ‘ইন্ডিয়া পোস্ট’-এর পরিষেবা নেওয়া হচ্ছে। 

সংসদ সূত্রে খবর, পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্র থেকে ওএমআর শিট জমা দেওয়া হবে নিকটবর্তী ডাকঘরে। সেখান থেকেই ডাক বিভাগের বিশেষ ব্যবস্থায় তা পৌঁছে যাবে সংসদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়ে। পাশাপাশি, মূল্যায়নের ক্ষেত্রেও সিবিএসই দ্বাদশ শ্রেণির ধাঁচে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মানুষের হাতের বদলে সম্পূর্ণ ওএমআর স্ক্যানিং মেশিন বা ওএসএম পদ্ধতিতে প্রযুক্তির সাহায্যে খাতা দেখার কাজ সম্পন্ন হবে। 

সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। এবারের সেমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ এবং ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। রাজ্য জুড়ে ৮২৫টি মূল কেন্দ্র ও ২,১০৫টি পরীক্ষা ভেনু নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৯৯টি সংবেদনশীল কেন্দ্র রয়েছে। কড়া নজরদারির স্বার্থে প্রতি ২০ জন পরীক্ষার্থী পিছু অন্তত দু’জন করে পরিদর্শক নিয়োজিত থাকবেন। একই সঙ্গে সংসদ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে যে কোনও ধরনের বৈদ্যুতিন সরঞ্জাম আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কারও কাছে এমন বস্তু ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।