নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)  বড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট ( Calcutta High Court)। রেজিনগর থানায় (Rejinagar Police Station) দায়ের হওয়া উস্কানিমূলক মন্তব্যের মামলায় বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ওই মামলা রুজু হয়েছিল। গত ২৭ জুন ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১(২), ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই মামলার শুনানির হাই কোর্টে  রাজ্যের তরফে বলা হয়, জনসভায় বক্তব্য রাখার সময় বিধায়ক একটি রাজনৈতিক দল এবং সরকারি কর্মীদের লক্ষ্য করে হুমকিমূলক ভাষা ব্যবহার করেছিলেন হুমায়ুন। বিধায়ক হিসেবে প্রকাশ্য সভায় বক্তব্য রাখার ক্ষেত্রে তাঁকে আরও সতর্ক থাকা উচিত বলেও সওয়াল করেন  রাজ্যের আইনজীবী।  অন্যদিকে হুমায়ুন কবীরের আইনজীবীর বক্তব্য ছিল, তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক এবং জনপরিচিত ব্যক্তি। রাজনৈতিক বিরোধের কারণেই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারার প্রয়োজনীয় উপাদানও প্রাথমিক ভাবে প্রমাণিত হয়নি বলে আদালতে দাবি করা হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার পর মেদিনীপুরে নিয়ে যাওয়া হল সুমিতকে, দুপুরে আদালত হাজিরা

মামলার নথি এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে হাই কোর্টের বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ জানায়, হুমায়ুন কবীরের বক্তব্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারার অপরাধের কোন প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি, ওই বক্তব্যের বৈদ্যুতিন নথিও তদন্তকারী আধিকারিক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন। ফলে প্রমাণ নষ্ট বা প্রভাবিত করার আশঙ্কাও নেই বলে আদালত মনে করেছে। বেঞ্চের তরফে আরও জানা হয়, ওই বক্তব্যের পর এখনও পর্যন্ত হুমায়ুন কবীরের বিরুদ্ধে কোনও ব্যক্তি অভিযোগ দায়ের করেননি এবং তাঁর বক্তব্যের ভিত্তিতে কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এই সমস্ত বিষয় বিবেচনা করে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানায় আদালত। এর পরই হুমায়ুন কবীরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। 

 

উল্লেখ্য, সম্প্রতি  মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে 'মারার নিদান' ও হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিলেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি নিজে রাস্তায় নামবেন এবং তাঁদের এমনভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলা সভাপতিও গায়েব হয়ে যাবেন।”  এই বক্তব্যের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধে দায়ের হয় মামলা। আর সেই মামলা থেকেই এবার স্বস্তি পেলেন হুমায়ুন কবীর।