রেজিনগরে (Rejinagar) উপনির্বাচনের মুখে ফের আইনি জটিলতায় আম জনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় এবার তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিল বহরমপুর পুলিশ (Berhampore Police)। শনিবার হুমায়ুনের বহরমপুরের বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিশ পৌঁছে দেওয়া হয়। আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় বহরমপুর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: মমতাকেই ভয় বিজেপি-বালিশের, উপনির্বাচন ইস্যুতে তোপ কুণালের
সম্প্রতি হুমায়ুন কবীরের সঙ্গে এক ব্যক্তির ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথন ঘিরেই তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে। উপনির্বাচনের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বহরমপুর থানায় মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের অংশ হিসাবেই এবার হুমায়ুনকে থানায় ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: কেড়ে নেওয়া হল হুমায়ুনের 'বাঁশি', উপনির্বাচনে 'আলমারি' পেল ISF
এর মধ্যেই রেজিনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াইও ক্রমশ জমে উঠছে। যে কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর নিজে জয়ী হয়েছিলেন, এবার সেখানেই তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছে আম জনতা উন্নয়ন পার্টি। ফলে বাবার জেতা আসন ধরে রাখা এখন দলের পাশাপাশি হুমায়ুনের কাছেও বড় পরীক্ষা।
গত কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। সেই পরিস্থিতিতে নিজের জয়ী আসনে ছেলের লড়াই যে আগের মতো সহজ হবে না, তা বুঝতে পারছেন হুমায়ুনও। তার উপর রেজিনগর উপনির্বাচনকে ঘিরে বিজেপিও জোরকদমে প্রচারে নেমেছে। ভোটের আগে তার মধ্যেই থানায় হাজিরার নোটিস নতুন করে অস্বস্তি বাড়াল আম জনতা উন্নয়ন পার্টির শিবিরে।
















