রাত বাড়লেই এলাকায় শুরু হয় বাইকবাহিনীর দৌরাত্ম্য, মদ্যপ যুবকদের দাপাদাপি ও লাগাতার হুমকি— এমনই অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বসিরহাট পুরসভার ১ ও ২৩ নম্বর ওয়ার্ডের ধলতিথা-রাসখোলা সংলগ্ন এলাকায়। পরিস্থিতির প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন বসিরহাট থানায়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় সম্প্রতি কয়েকজন যুবকের অসামাজিক কার্যকলাপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী নৃপেন সরকার সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর সংগ্রহ করেন। এরপর তাঁর অনুগামী প্রীতম রায় ও সুজিত ঘোষ ওরফে নেপু-সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে রাতে মদ্যপ অবস্থায় এলাকায় অকথ্য ভাষায় গালিগালাজ, বাসিন্দাদের হুমকি প্রদর্শন এবং মারধরের ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের বক্তব্য, সন্ধ্যার পর থেকেই এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে, যার জেরে নারী ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা।
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, রাজনৈতিক শত্রুতা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নজরদারি চালানো হবে।
















