দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে (Baruipur, South 24 Parganas) ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল। তদন্তের গতি বাড়াতে এবার পূর্বতন অফিসার বদলে মামলার মূল তদন্তভার দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে (Shantanu Mukherjee)।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রথম থেকেই জানিয়েছেন বারুইপুর কাণ্ডে কোনভাবেই দোষীদের রেয়াত করা হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার তদন্তের স্বার্থে অফিসার বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই অভিযুক্ত একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে জেরা করে ঘটনাক্রম জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার বারুইপুরে একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। জানা গিয়েছে নাবালিকার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সেই সঙ্গে তার বাবাকেও রাজ্য সরকারি চাকরি দেওয়া হয়েছে। যদিও রাজ্যের প্রশাসনিক প্রধান এই নিয়ে কিছু বলতে চাননি। তিনি জানান এই বিষয়ে যা বলার কিশোরীর বাবা জানাবেন।
















