মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই খুলতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)। রেলবোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকেই নতুন রূপে এই স্টেশনে পরিষেবা (Metro Service) শুরু করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ চালাচ্ছেন মেট্রোকর্তারা।
আরও পড়ুন: পুজোর মুখে বাতিল ৫১ ট্রেন! হাওড়া-খড়গপুর শাখায় ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
২০২৫ সালের ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু লাইনের (Blue Line Metro) দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ এই স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা ধরা পড়ার পর পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা জানানো হয়েছিল। এমনকি চলতি বছরের এপ্রিল-মে নাগাদ স্টেশনটি ফের চালু হতে পারে বলেও আলোচনা ছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি শেষ হয়নি নির্মাণকাজ।
মেট্রো সূত্রে খবর, পুরনো স্টেশন ভাঙার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন স্টেশন তৈরির কাজও এগিয়েছে বেশ কিছুটা। স্টেশন নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে অতিরিক্ত কর্মীও কাজে লাগানো হয়েছে। রেলবোর্ডের তরফে ১ জানুয়ারিকেই নতুন স্টেশন চালুর লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের নতুন বছরের উপহার হিসেবেই স্টেশনটি খুলে দিতে চাইছে কর্তৃপক্ষ। কিন্তু বৃষ্টির কারণে নির্মাণকাজের গতি বারবার কমে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে এখন চিন্তা বাড়ছে। আগামী কয়েক মাসে কাজ কতটা দ্রুত এগোয়, তার উপরই অনেকটা নির্ভর করছে ১ জানুয়ারি পরিষেবা শুরু করা সম্ভব হবে কি না।
কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ গড়িয়া এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার যাত্রীদের উপর। দীর্ঘদিন ধরে তাঁদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। নিকটবর্তী শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছতে অনেককেই দু’বার অটো বদল করতে হচ্ছে। ফলে একদিকে যেমন অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, তেমনই যাতায়াতে সময়ও বেড়েছে।
শুধু যাত্রী দুর্ভোগ নয়, স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে অরেঞ্জ লাইনেও। নিউ গড়িয়া থেকে যাত্রী ওঠানামা বন্ধ হয়ে যাওয়ায় নিউ গড়িয়া-বেলেঘাটা অংশে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে অনেক সময় কম যাত্রী নিয়েই ট্রেন চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর জেরে পরিষেবা পরিচালনার খরচের তুলনায় আয় কমে লোকসানের চাপও বাড়ছে। তাই যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর পাশাপাশি অরেঞ্জ লাইনে যাত্রীসংখ্যা ফের বাড়াতে দ্রুত কবি সুভাষ স্টেশন চালু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
















