বিশ্বকর্মা পুজোর পর থেকেই বাঙালি মনে উৎসবের মরসুম শুরু। দুর্গাপুজো (Durga Puja) আসতে আর তিন সপ্তাহও বাকি নেই। কেনাকাটার হিড়িক শুরু হতে না হতেই পুজোর মুখে একগুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancellation) বিজ্ঞপ্তি জারি করল রেল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-খড়গপুর শাখা। পুজোর মুখে এই রুটে টানা দু’সপ্তাহ বন্ধ থাকবে পরিষেবা। চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে। লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে মোট ৫১ টি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিই হাওড়া-খড়গপুর শাখায় (Howrah Kharagpur Division) রেল পরিষেবার হতশ্রী দশা।তার উপর পুজোর মুখে যখন যাত্রী সংখ্যা বেশি থাকে তখন রেলের এই ধরণের সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মহালয়ার দিন (১০ অক্টোবর) হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস সম্পূর্ণ বন্ধ থাকছে। এছাড়া অন্যান্য দিনে হাওড়া-দিঘা এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেন পরিষেবা বাতিল করার পাশাপাশি হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেসও মিলবে না। অনেকেই মহালয়ার পর পুজোর ছুটিতে বাইরে নিরিবিলিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করেন। রেলের ঘোষণা অনুযায়ী নবরাত্রির প্রথম দিনেই সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই সপ্তাহ ধরে একাধিক লোকাল ট্রেনও বাতিল থাকবে।
















