তৃণমূল কংগ্রেস ছেড়ে রাতারাতি আত্মপ্রকাশ করা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই (NCPI)-এর অন্দরে আড়াআড়ি ফাটল ক্রমেই স্পষ্ট হচ্ছে। দলের নামের সঙ্গে ‘বহুজন’ শব্দ জুড়ে দেওয়াকে কেন্দ্র করে মূল দল ছেড়ে আসা ২০ জন সাংসদের তীব্র অভ্যন্তরীণ অসন্তোষ এখন প্রকাশ্যে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তবে রাজনৈতিক মহলের একাংশের স্পষ্ট দাবি, পুত্রের এই ধরণের রাজনৈতিক পদক্ষেপের নেপথ্যে সাংসদ কাকলিরই পরোক্ষ মদত ও সম্মতি রয়েছে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দলটিকে ‘Bahujan Samaaj NCPI Movement Trust’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি ছিল, এই উদ্যোগ দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘুদের অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত হয়েছে। কিন্তু সেই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জরুরি ভিত্তিতে ডাকা এক অনলাইন বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরাসরি দলের বাকি সাংসদদের তোপের মুখে পড়তে হয়।

বৈঠকে ক্ষুব্ধ সাংসদরা কাকলিকে স্পষ্ট জানান, তৃণমূলের মতো শক্তিশালী দল ছেড়ে একটি পরিচয়হীন মঞ্চে এসে এমনিতেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ ও সামাজিক সম্মান প্রশ্নের মুখে। সেখানে নতুন করে দলের আগে ‘বহুজন’ তকমা সেঁটে গোটা নেতৃত্বকে রাজনৈতিক মহলে হাস্যাস্পদ করে তোলা হচ্ছে। লোকসভায় এখনও স্পিকারের খাতায় এই নতুন দল কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, নথিতে তাঁরা প্রত্যেকেই এখনও তৃণমূলের সাংসদ। এমন অবস্থায় এই ধরনের মনগড়া বিবৃতি বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে ক্ষুব্ধ সাংসদরা জানিয়ে দিয়েছেন। ঘনিষ্ঠ মহলে অনেকেরই ক্ষোভ, ছেলের একের পর এক অপরিণত পদক্ষেপ কার্যত কাকলিকে আরও বেশি কোণঠাসা করে ফেলছে।

এর আগেও মুখ্যমন্ত্রীর দেওয়া বিয়ের উপহার ফেরত দিয়ে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন বৈদ্যনাথ, আর সেই সময় প্রকাশ্যে ছেলের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন কাকলি নিজেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সর্বভারতীয় রাজনীতিতে এনসিপিআই কোনও প্রভাব ফেলতে না পারায় এখন ‘বহুজন’ রাজনীতির মোড়কে নতুন করে ভেসে থাকার কৌশল নেওয়া হচ্ছে। আর এই গোটা পরিকল্পনার রাশ যে কাকলি ঘোষ দস্তিদারের হাতেই রয়েছে, তা নিয়ে এনসিপিআই নেতৃত্বের বড় অংশের মনে কোনও সংশয় নেই। যার ফলে দলটির ভবিষ্যৎ নিয়েই এখন গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।