কামদুনির ঘটনার ১৩ বছর অতিক্রান্ত, এখনও সুবিচার না মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে হাজির নির্যাতিতার পরিবার। বুধবার সল্টলেকে উপস্থিত হন দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়ালও (Mousumi Koyal and Tumpa Koyal) । বারুইপুরে নির্যাতিতার ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পর রাজ্যের প্রশাসনিক প্রধান আশ্বাস দিয়েছিলেন যে কামদুনির ঘটনায় (Kamduni Case) কোর্ট কেসে রাজ্য কোনও বাধা করবে না। এবার পূর্বতন সরকারের আমলে তদন্তের অভিযোগ তুলে শুভেন্দুর দ্বারস্থ হল নির্যাতিতার পরিবার। 

আজ থেকে ১৩ বছর আগে ২০১৩ সালের জুন মাসে উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য। প্রতিবাদী আন্দোলনের মৌসুমী- টুম্পারা। তদন্তভার যায় সিআইডির হাতে। এরপর এক যুগের বেশি সময় অতিক্রান্ত। মামলার জল গড়িয়েছে সুপ্রিম আদালতে। কিন্তু বিচার মেলেনি, অভিযোগ নির্যাতিতার পরিবারের। তদন্তে একাধিক গাফিলতি রয়েছে বলে মনে করছেন তারা। এদিন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হয়ে পরিবারের এক সদস্য বলেন, 'পূর্বের সরকার ১৬টা পিপি চেঞ্জ করেছে ভোট ব্যাঙ্কিংয়ের জন্য। বিচার পাইনি আমরা সঠিকভাবে। অভিযুক্তরা হাইকোর্টে আপিল করে, ফাঁসি ও আমৃত্যু কারাদণ্ডের আসামিকে আদালত বেকসুর খালাস করে। বিচার পাওয়া গেল না।' রাজ্যে নতুন সরকার আসার পর আরজি কর ফাইল খুলেছে, কামদুনি ফাইল খোলার কথা শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে। এখন শুভেন্দুর সরকার এই নিয়ে কী পদক্ষেপ করে সেটাই দেখার।