সিকিমের টানেল দুর্ঘটনার পর উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বার্তা ঘিরেই উঠেছে প্রশ্ন। তৃণমূলের বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী বারবার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার কথা বলছেন। এরা বহুদিন থেকেই রাজ্যের বাইরে রয়েছেন। বাংলাতেও বহু ভিনরাজ্যের মানুষ রয়েছেন। প্রত্যেকে রুটিরুজির জন্য এসেছেন। তাহলে তাদেরকেও তো বলতে হয় ফিরে যেতে। এটা কোনও দায়িত্বশীল কথা নয়।

কুণাল আরও বলেন, মুখ্যমন্ত্রী যে বলছেন পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন, এই প্রসঙ্গে তিনি একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন। পরিযায়ী শ্রমিকরা শুধু তৃণমূল সরকার থাকাকালীন যাননি। যুগ যুগ ধরে তাঁরা ভিনরাজ্যে কাজে যাচ্ছেন। অন্য রাজ্য থেকেও এরাজ্যে কাজে আসছেন যুগ যুগ ধরে। এ-প্রসঙ্গে তিনি লকডাউনের সময় প্রথম শহিদ হওয়া জামলো মকদম নামে ছত্তিশগড়ের সেই ১৩ বছরের কিশোরীর উদাহরণ টেনে বলেন, মেয়েটি তেলেঙ্গানায় গিয়েছিল লঙ্কার খেতে কাজ করতে। হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার পথে ক্লান্ত হয়ে তার মৃত্যু হয়। অর্থাৎ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষ জুড়ে রয়েছে। আবার অন্য রাজ্যের মানুষও এখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনেছেন তা গোটা দেশ জানে।