বিধানসভার অলিন্দে না থেকেও সংবাদের শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় রাজনীতির অলিখিত নিয়ম ভেঙে বিধানসভার অধিবেশনে সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার অভিযোগে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, যে ব্যক্তি বিধানসভার সদস্যই নন, কক্ষের ভেতরে তাঁকে ইঙ্গিত করে রাজনৈতিক আক্রমণ চালানো সংসদীয় শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "যাঁরা সেই হাউসের সদস্যই নন, তাঁদের ইঙ্গিত করে ভেতরে কোনো কথা বলা যায় না। বিধানসভার স্পিকারের উচিত ছিল এই ধরনের অসংসদীয় বক্তব্য তখনই কার্যবিবরণী থেকে বাদ দেওয়া। স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, "সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে এমন ঘটনা নজিরবিহীন। স্পিকার সঙ্গে সঙ্গে তা এক্সপাঞ্জ করতে পারতেন, কিন্তু তাঁর থেকে সেই আশা আমরা করতে পারছি না—এটা দুর্ভাগ্যজনক। তবে আসল সত্যটা হলো, রাজনৈতিক রাগ মেটাতে এভাবে কক্ষকে ব্যবহার করা যায় না।"
















