মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরবেনই। কিছু হলে দায়ী থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। এর পরেই সরাসরি বর্তামন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ব্যায়াম ও হাঁটার প্রতিযোগিতায় আসুন বর্তমান মুখ্যমন্ত্রী। সব জায়গায় লাইভ হোক। শুভেন্দু বলেছেন, মমতার বয়স হয়েছে, বিশ্রাম নিন। হাঁটার প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করেন নিজের কথা প্রমাণ করুন শুভেন্দু। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে, মমতাকে নিশানা করে মোদিকে বার্তার সম্ভাবনার কথাও জানান তৃণমূল বিধায়ক। 

সোমবার, নবান্ন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “ফেসবুকেই আপনি থাকুন বিকেল বেলা। আপনাকে রাস্তায় বেরতে হবে না৷ আর রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও আমি করব“। তার পরে যোগ করেন, “বয়স হয়েছে, বিশ্রাম নিন।“ এর পরেই ফের স্যোশাল মিডিয়া পোস্ট করে এই হুঁশিয়ারির প্রতিবাদ করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার, বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, একজন মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে-যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি যাতে রাস্তায় বেরতে না পারেন, তার ব্যবস্থা করব- এটা কোন গণতন্ত্রের ভাষা! মহিলা কমিশন, রাষ্ট্রপতি, পুলিশ- এখন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না- তাঁকে হুমকি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরবেনই। কিছু হলে দায়ী থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী।

এর পরেই শুভেন্দুর বয়স হয়েছে, বিশ্রাম নিন- মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল না। দলনেত্রী নিজেও এ কথা বারবার বলেছেন। ফলে তাঁর এখন প্রকৃত যা বয়স, তার তুলনায় অফিসিয়াল বয়স অনেকটাই বেশি। কিন্তু যাই হোক, কোনও মহিলার বয়স নিয়ে এভাবে কথা বলাটা অত্যন্ত কুরুচিকর। 

এরপরেই শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ জানান তৃণমূল বিধায়ক। বলেন, “দলের মুখপাত্র, সৈনিক হিসেবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটার প্রতিযোগিতায় আসুন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলুন- কোথায়, কবে আসবেন, সেখানে মমতাদির সঙ্গে ব্যায়াম এবং হাঁটার প্রতিযোগিতায় নামুন শুভেন্দু অধিকারী। সারা বিশ্ব দেখুক, সব টিভি মিডিয়ায় লাইভ হোক। কোথায় কখন, আসবেন জানাবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য বয়সের কথা বলেছেন তো, এখন নিজে পারফর্ম করে প্রমাণ দিন।“

এরপরেই এক বোমা ফাটান কুণাল। বলেন, অমিত শাহর বন্ধু শুভেন্দু অধিকারী- সে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বাংলা এসে জানিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও বেশ কয়েক বছরের বড়। সুতরাং মমতাকে নিশানা করে মোদিকে বার্তা দেওয়া হচ্ছে না তো? প্রশ্ন তোলেন কুণাল। তৃণমূল বিধায়কের কথায়, শাহর ক্যাম্পের লোক শুভেন্দু। সেখান থেকেই এই ন্যারেটিভ ছড়ানো হচ্ছে না তো? মোদিকেই বলা হচ্ছে না তো আপনার বয়স হয়েছে, বিশ্রাম নিন। মোদি সরে গেলে সেই জায়গায় প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, আর সেই কাজটাই করছেন শাহ ক্যাম্পের শুভেন্দু।