দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ। এই ঘটনায় চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার টিউশনি পড়ে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী তার দিদির সঙ্গে রাস্তার ধার দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকাই একটি টোটোয় চড়ে সাত জন যুবক তাদের পিছু নেয়। অভিযোগ, তারা ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীর দিদি এই ঘটনার প্রতিবাদ করলে তাকে অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বাড়ি ফিরে ওই ছাত্রী ও তার দিদি বিষয়টি পরিবারকে জানায়। এর পরেই পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই টোটোটিকে আটক করেন এবং যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় উত্তেজিত স্থানীয় মানুষজন তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি চারজন যুবক সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে পরিবারের লোকজন আরও একজন যুবককে ধরে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ছাত্রীর পরিবারের তরফে রাতেই ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
















