দুই দশকের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (এমজিএনআরজিএ) বিলুপ্ত করে মোদি সরকারের নতুন ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবি-জি রাম জি’ চালুর প্রথম মাসেই ধস নামল গ্রামীণ কর্মসংস্থানে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, গত জুলাই মাসে নয়া প্রকল্পের অধীনে কাজ তৈরির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ (৪৯.৯৪%) কমে গিয়েছে। 

চলতি বছরের ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে ভিবি-জি রাম জি প্রকল্প। সরকারি ড্যাশবোর্ডের ৯ আগস্ট পর্যন্ত তথ্যানুযায়ী, জুলাই মাসে দেশের গ্রামগুলিতে মাত্র ৭.৬৭ কোটি ‘পার্সন-ডে’ (একজনের এক দিনের কাজ) তৈরি হয়েছে। অথচ গত বছর জুলাইয়ে মনরেগার অধীনে এর পরিমাণ ছিল ১৫.৩৩ কোটি পার্সন-ডে। অর্থাৎ এক ধাক্কায় কাজ কমেছে অর্ধেকেরও বেশি। এমনকি কাজ পাওয়া পরিবারের সংখ্যাও ৫১.৪৫ শতাংশ কমে ৬৮.৯৪ লাখে ঠেকেছে, যা গত বছর একই সময়ে ছিল ১.৪২ কোটি। বিগত পাঁচ বছরে জুলাই মাসে গ্রামীণ কাজের এই পরিসংখ্যান সর্বনিম্ন। দেশের ৭৪১টি জেলার মধ্যে ৫০ শতাংশ জেলাতেই চলতি মরসুমে বৃষ্টিপাতের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। খরা ও আর্থিক অনটনের এমন সংকটকালে গ্রামীণ কর্মসংস্থানে এই নজিরবিহীন পতনকে অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছেন অর্থনীতিবিদ ও অধিকার রক্ষা আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ২০০৫ সালের ঐতিহাসিক মনরেগা আইনকে বাতিল করে বছরে ১২৫ দিন কাজের প্রতিশ্রুতি দিয়ে নতুন আইন চালুর ঢাক পেটালেও বাস্তবে অর্থ বরাদ্দের চরম অভাবই এই সংকটের মূল কারণ। এমনকী দুটি বিজেপি শাসিত রাজ্য-সহ অন্তত তিনটি রাজ্য নয়া প্রকল্পে রাজ্যগুলির ওপর বাড়তি আর্থিক বোঝা চাপানো নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। 

এই পরিস্থিতিতে মুখ বাঁচাতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক নথিবদ্ধ কাজের পরিসংখ্যান ৯ কোটি পার্সন-ডে দাবি করে পুরো প্রক্রিয়াটিকে মসৃণ ও প্রযুক্তিবান্ধব বলে সাফাই দিয়েছে। মোদি সরকারের দাবি, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৫,৬৯২ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা গ্রামীণ কর্মসংস্থানের ইতিহাসে সর্বোচ্চ। ফেস-অথেন্টিকেশন ও প্রযুক্তি নির্ভর উপস্থিতির মাধ্যমে কাজ চাওয়া ৯৮ শতাংশ পরিবারকেই কাজ দেওয়া হচ্ছে এবং মোট কর্মদিবসের ৬৩ শতাংশই পেয়েছেন মহিলারা। তবে রেকর্ড পরিমাণ কাজ কমে যাওয়ার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মন্ত্রকের তরফ থেকে মেলেনি। এই চরম ব্যর্থতা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সামাজিক মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনটি ভাগ করে নিয়ে তিনি লেখেন, মনরেগাকে গুঁড়িয়ে দেওয়ার খেসারত প্রথম মাসেই সামনে আসছে। ভিবি-জি রাম জি আসলে আর কিছুই নয়, স্রেফ সরাসরি ‘রোজগার চুরি’।