গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায় যেসব শক্তি, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এক্স মাধ্যমে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় ছাত্র-যুবদের উদ্দেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আপনাদের দীর্ঘ ও সাহসী সংগ্রাম বাংলার যুবশক্তির দৃঢ়তা, সহনশীলতা এবং অদম্য মানসিকতারই এক উজ্জ্বল নিদর্শন। দেশ তথা রাজ্যকে ভবিষ্যতের পথ দেখাবেন আপনারাই। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। প্রতিটি ছাত্রছাত্রীর কাছে আমার আহ্বান, আসুন, যারা গণতন্ত্রকে দুর্বল করতে এবং জনগণের কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চায়, সেই শক্তিগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই শামিল হোন। আসুন, আমরা সবাই মিলে দৃঢ় প্রত্যয় ও সংকল্পের সঙ্গে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আগামী লক্ষ্য।