প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন প্রতিবছর ধুমধাম করে পালন করে বিজেপি। রণে বৃহস্পতিবার নবান্ন থেকে মেগা সেলিব্রেশনের কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার এই রাজ্যের জন্যে আরও বিশেষ। এই প্রথম বাংলায় ক্ষমতায় বিজেপি। সেই কারণে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের পাশাপাশি গঙ্গার ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন, সরকারি ভবন সাজানো, স্কুলে নানা অনুষ্ঠান এবং জেলার সদর দফতরে বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রায় এক কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিকেলে OUT, রাতে IN! বিজেপির কার্যনির্বাহী কমিটিতে ‘রিভিশন’, ফিরলেন দিলীপ-রাহুল

শুভেন্দু বলেন, “১৭ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সূর্যাস্তের পর ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচির মাধ্যমে গঙ্গার বিভিন্ন ঘাটে প্রদীপ জ্বালানো হবে। একই সঙ্গে ভিক্টোরিয়া, নবান্ন, রাইটার্স বিল্ডিং-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনও প্রদীপের আলোয় সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রায় এক কোটি পরিবার প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচিতে অংশ নিতে চলেছে।”একথায় বলা যায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রায় ‘অকাল দিওয়ালি’র পরিবেশ তৈরি হতে চলেছে রাজ্যজুড়ে। 

শিক্ষাক্ষেত্রেও এদিন বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (Chief Minister) জানান, রাজ্যের ৮০ হাজারের বেশি স্কুলকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ‘বিকশিত ভারত’ এই ভাবনাকে সামনে রেখে বিভিন্ন স্কুলে কুইজ-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করছে শিক্ষা দফতর। পড়ুয়াদের মধ্যে দেশের ভবিষ্যৎ, উন্নয়ন এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে ভাবনা তৈরি করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি একাধিক জায়গায় সাইকেল ও মোটরবাইক র‍্যালির আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে রঙ্গোলি যাত্রা। এতে প্রাকৃতিক সামগ্রী দিয়ে ১০৮ মিটার ‘ভারত মণ্ডল’ তৈরি হবে। পূর্বাংশের রাজ্যগুলি মিলে হবে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’। 

 

আগামী ৭ অক্টোবর জনজীবনে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন প্রধানমন্ত্রী। তা স্মরণীয় করে রাখতে বড়সড় উদ্যোগের ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এক মাসব্যাপী চলবে  'সেবা সংকল্প অভিযান'। এদিন সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী জানান, “ওইদিন  প্রধানমন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী  হিসাবে ২৫ বছর পূরণ করবে নরেন্দ্র মোদি। তাঁর এই দীর্ঘ রাজনৈতিক পথচলার এই মাইলফলককে সামনে রেখে দিনটি ’সেবা সেতু’ কর্মসূচি হিসেবে পালন করার পরিকল্পনা রয়েছে। ৭ অক্টোবর রাজ্যের সর্বত্র সরকারের তরফে একাধিক কর্মসূচি হবে। প্রধানমন্ত্রীও ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। জেলার সদর কার্যালয়গুলিতেও দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন থাকবে।” 

 

তবে এর মধ্যেই রয়েছে উপনির্বাচন। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট রয়েছে। ফলে ওই দুই এলাকায় নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকবে। সেখানে ১৭ সেপ্টেম্বরের পরবর্তী কর্মসূচি বা ৭ অক্টোবরের আয়োজনও নির্বাচন কমিশনের বিধি মেনেই করতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।