রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটি ( BJP Executive Committee) প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদল হল তালিকায়। বুধবার বিকেলে প্রকাশিত তালিকায় ছিলেন না দলের দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রাহুল সিনহা (Rahul Sinha)। তা নিয়ে সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যমে শুরু হয় বিস্তর আলোচনা-সমালোচনা। 

আরও পড়ুন: ‘পরিবর্তন’: কেন্দ্রের জুমলা নিয়ে নতুন শর্ট ফিল্ম হুমায়ুন কবীরের, দিলেন পরের ছবির ইঙ্গিতও

নব্য বিজেপিকে প্রাধান্য দিয়ে আদি বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে বাদ দেওয়ায় বিতর্ক দানা বাঁধে। তবে এদিন রাত গড়াতেই সংশোধিত তালিকায় ঢুকে যায় তাঁদের নাম। একই সঙ্গে আরও কয়েকজনকে যুক্ত করে সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) স্বাক্ষর করা ২৬৩ সদস্যের তালিকা প্রকাশ্যে আসে। প্রায় তিন ঘণ্টা পর, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশিত হয় সংশোধিত তালিকা। সেখানে সদস্যসংখ্যা বাড়িয়ে করা হয় ২৭০। অর্থাৎ নতুন করে সাতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংযোজন অবশ্যই দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। দু’জনেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। প্রথম তালিকায় তাঁদের অনুপস্থিতি সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত সংশোধিত তালিকায় দু’জনকেই জায়গা দেওয়া হল।

আরও পড়ুন: শারোদৎসব লিখলে কমিউনিস্টদের স্টল নয়: বিধানসভার বিশেষ অধিবেশনে বামেদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নতুন তালিকায় যুক্ত হয়েছেন শিশির বাজোরিয়া এবং রাজ্য শৃঙ্খলা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে সংশোধিত কমিটিতে ৪১ জন বিজেপি বিধায়কও রয়েছেন। এদিকে নতুন রাজ্য কমিটিতে দলের একাধিক গুরুত্বপূর্ণ মুখকে সাংগঠনিক জেলায় জায়গা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম রয়েছে তমলুক সাংগঠিনক জেলায়, অন্যদিকে তাঁর বাবা শিশির অধিকারী রয়েছেন কাঁথিতে। দক্ষিণ দিনাজপুরে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম, বনগাঁ  থেকে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

 

রাজ্যের মন্ত্রীদের মধ্যে তাপস রায় রয়েছেন উত্তর কলকাতা থেকে, বীরভূম থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক রয়েছেন কোচবিহার থেকে, আসানসোল থেকে রয়েছেন অগ্নিমিত্রা পাল। ২০২৫ সালের জুলাইয়ে রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছিলেন শমীক ভট্টাচার্য। তাঁর দায়িত্ব নেওয়ার প্রায় ১৪ মাস পর অবশেষে প্রকাশ্যে এল নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি। তবে কমিটি প্রকাশের পর এত দ্রুত সংশোধিত তালিকা আসায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বিশেষ করে প্রথম তালিকায় দিলীপ ঘোষ ও রাহুল সিনহার নাম না থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সংশোধিত তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।