বাংলায় নারী নিরাপত্তা নিয়ে যে বিজেপি এত প্রতিশ্রুতি দিয়েছিল এবার সেই দলেরই মন্ডল সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের কদম্বগাছি এলাকায় (Kadambagachi area of Duttapukur, North 24 Parganas)। অভিযোগ, গভীর রাতে এক বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন দেগঙ্গা- ১ মন্ডল সম্পাদক শ্যামল সাহা (Shyamal Saha)। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে উঠে দত্তপুকুর। ক্ষুব্ধ এলাকাবাসী হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই বিজেপি নেতাকে। তাঁকে গ্রেফাতার (Arrest) করে পুলিশ মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করে। আদালত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই মহিলাকে অশালীন প্রস্তাব দিয়ে বিরক্ত করছিলেন অভিযুক্ত। সোমবার গভীর রাতে পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয় বলে অভিযোগ। ওই সময় মহিলার বাড়িতে ঢুকে জোর করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই মহিলার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এবং আশপাশের বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটকে ফেলেন। উত্তেজিত জনতা তাঁকে মারধরও করেন। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক তদন্তের পর গ্রেফতার করে। যে দল নারী-নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয় তার আড়ালে সেই দলেরই এক নেতার বিরুদ্ধে এই অভিযোগ।
















