ইস্যু জ্ঞানেশ কুমার। বুধবার বসছে I.N.D.I.A. বৈঠক। সেখানে যোগ দিতে মঙ্গলবার দিল্লি গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, নির্বাচন কমিশন নিয়ে ইন্ডিয়া-র বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের অন্যান্য পদাধিকারীদের অন্ধকারে রেখেই এসআইআর নিয়ে একা সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। গত ১০ মাসে কমপক্ষে ১৪ বার লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনে এই বিস্ফোরক অভিযোগে দেশজুড়ে ঝড়। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। একই সঙ্গে এসআইআর খারিজ করে পুরনো তালিকার ফিরিয়ে আনার দাবি জানান মমতা, বেবি, রাহুল, অখিলেশ, কেজরিওয়ালরা। গত সপ্তাহে কংগ্রেস-সিপিএম-এর সঙ্গে ফোনে কথা বলেন মমতা। 

মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক (Congress Working Committee)। বুধবার বসছে I.N.D.I.A.-র বৈঠক। সেখানে যোগ দিতেই এদিন দিল্লি (Delhi) রওনা দেন মমতা-অভিষেক। বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে (Airport) পৌছন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, ”নির্বাচন কমিশন নিয়ে ইন্ডিয়া আলাইন্সের বৈঠক রয়েছে, সেজন্যই দিল্লি যাচ্ছি।” এর কিছুক্ষণ পরে বিমানবন্দরে পৌঁছন  অভিষেকও। তবে, তিনি কোনও মন্তবন্য করেননি। 

জ্ঞানেশ কুমার ইস্যুকে সামনে রেখে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা। SIR নিয়ে ওঠা অভিযোগের জেরে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে রিরোধীরা। সেই ইস্যুতেই বুধবার দিল্লিতে I.N.D.I.A.-র বৈঠক। তবে, বৈঠকে অন্যান্য শরিকদের উপস্থিত থাকার কথা থাকলেও পঞ্জাবের নির্বাচনের কারণে থাকতে পারছেন না অখিলেশ, কেজরিওয়াল। ওই বৈঠক থেকে বিরোধীরা আন্দোলনের কী রূপরেখা স্থির করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।