নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, কমিশনের দেওয়া ডেড লাইন শেষ। দলবদলুদের জবাব কোথায়? বালিশ শিবির তথা ঋত শিবিরের দাবি ছিল তারাই আসল তৃণমূল। তার স্বপক্ষে তথ্য এবং যুক্তি দেওয়া হয়ে থাকলে জানাক কমিশন।

দলছুট ঋতব্রত শিবির কমিশনে চিঠি দিয়ে দাবি করেছিল তারাই আসল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এরপর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তথ্য চায়। নির্দিষ্ট সময় অর্থাৎ ৬ জুলাইয়ে তৃণমূলের তরফে তথ্যসহ চিঠি পাঠানো হয়। ঋত শিবির জবাব না দিয়ে ১০ জুলাই পর্যন্ত সময় চায়। কমিশন দেয়। কিন্তু দেখা যায় ১০ জুলাই ঋত শিবির কোনও জবাব না দিয়ে আরও সময় চায়। সকলে অবাক হয়ে দেখল ঋত শিবিরের আবেদন শুধু গৃহীত হয়েছে তাই নয়, আরও ১৫দিন সময় দেওয়া হয় কমিশনের তরফে। কিন্তু সেই ১৫ দিন অর্থাৎ ২৫ জুলাইও অতিক্রান্ত। আজ ২৯ জুলাই। কমিশনকে দেওয়া ঋত শিবিরের কোনও তথ্যসহ চিঠি আমাদের কাছে আসেনি, রীতি অনুযায়ী কমিশনও কিছু জানায়নি। তাই ধরে নিতে হয়, তারা কোনও চিঠি এখনও দেয়নি।

নেত্রী চিঠিতে প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, তিনবার সময় দিয়েও ঋত শিবির তাদের তথ্যসহ চিঠি জমা দিতে পারেনি। অথচ তৃণমূল কংগ্রেস তাদের তথ্য জমা দিয়েছে সঠিক সময়ে কমিশনের দেওয়া সময়কে মান্যতা দিয়ে। চিঠির উত্তর না দেওয়ার অর্থ, দলবদলুদের কাছে কোনও জবাব নেই। 

নেত্রীর অভিযোগ, বারবার সময় দিয়ে ঋত শিবিরকে কমিশন আসলে ভুয়ো তথ্য বানানোর সুযোগ করে দিচ্ছে। কারণ তাদের দাবির পিছনে যে কোনও যুক্তি এবং তথ্য ছিল না, তা আমাদের চিঠিতেই স্পষ্ট হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই ঘটনা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। ঋত শিবিরকে আর সময় না দিয়ে দ্রুত তদন্ত শেষ করে মতামত জানাক নির্বাচন কমিশন, অনুরোধ নেত্রীর। কিন্তু এরপরেও যদি দলবদলুদের সময় দেওয়া হয় তাহলে কমিশনের বিচারের উপর মানুষ আস্থা হারাবে নিশ্চিতভাবে, স্পষ্ট কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।